গারুড়িয়া প্রতিনিধিঃ
গারুড়িয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জুবায়ের আলম পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। ২৬ বিকাল ৪ঃ৫০ মিনিটে মিরপুর ১০ আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তার পরিবারের মাধ্যমে জানা গেছে, রাতে তাঁর মরদেহ বরিশালের নিজ বাড়িতে নেয়া হবে।
জুবায়ের আলম পারভেজ দুরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেড় বছর আগে রোগ শনাক্ত হলে বংলাদেশ ও ভারতে উন্নত চিকিৎসা করান। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও আবার অসুস্থ হয়ে পড়েন। তার গলব্লাডারে ক্যান্সারের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের চিকিৎসকেরা আবার ভারতে যাওয়ার পরামর্শ দেন। ভারতে গিয়ে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। পরে চলতি মাসের শুরুর দিকে দেশে ফিরে আসেন।
শারীরিক অবস্থার অবনতি হলে এই সপ্তাহে তাঁকে বাসার পাশে অবস্থিত আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখার জন্য এলাকার অসংখ্য মানুষ এসেছেন। পরে সেখানেই তিনি মারা যান।
জুবায়ের আলম পারভেজ সিকদার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের সিকদার বাড়ি। তাঁর বড় ভাই এস এম জুলফিকার হায়দার গারুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাবা কাঞ্চন আলী সিকদার প্রাক্তন শিক্ষক ও গারুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। জুবায়ের আলম পারভেজ ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তিনি এক ছেলে (৬) ও এক মেয়ে (১২) রেখে গেছেন। তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজের জানাজা অাগামীকাল শুক্রবার সকাল ১০ টায় বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত হবে,জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
জুবায়ের আলম পারভেজের মৃত্যুতে বাকেরগঞ্জ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং এদের বিভিন্ন সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ, বাকেরগঞ্জ কল্যাণ সমিতি, বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, বাকেরগঞ্জ প্রেসক্লাব, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সহ সর্ব মহল থেকে শোক প্রকাশ করে বার্তা দেওয়া চলছে।
